সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সিসিক কর্তৃপক্ষ বলছে, কিছু অসাধু চক্র এমন কাজ করছে। এখন সিসিকে কোন লোকবল নিয়োগ হচ্ছে না।
চাকরির প্রলোভন দিয়ে টাকা নেওয়ার বিষয়টি নজরে এসেছে জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, “সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।”
সিসিক প্রশাসক আরও জানান, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।”
সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *